
কিশোরগঞ্জের ভৈরব থানায় কর্মরত নারী পুলিশ কনস্টেবল সাইদা আক্তার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার রাতে নরসিংদীর বেলাব উপজেলায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রোববার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সাইদা আক্তার তাড়াইল থানা থেকে বদলি হয়ে গত ১৩ নভেম্বর ভৈরব থানায় নতুন কর্মস্থলে যোগ দিয়েছিলেন। যোগদানের পরদিনই তিনি জ্বরে আক্রান্ত হন এবং পরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি বেলাবর বাড়িতে ফেরেন।
বাড়িতে ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসার রাতেই তিনি মারা যান। ওসি মাহবুবুর রহমান জানান, ভৈরব থানায় যোগদানের পর তিনি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করার সুযোগই পাননি। ডেঙ্গু শনাক্ত হওয়ার পরপরই তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি না ফেরার দেশে চলে গেলেন।