
যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০-এ দাঁড়িয়েছে। শুক্রবার পেনসিলভানিয়া ও উইসকনসিনে নতুন করে দুজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে উইসকনসিনের মৃত ব্যক্তিটি ছিল একটি শিশু এবং পেনসিলভানিয়ার মৃত ব্যক্তিটি মন্টুর কাউন্টির বাসিন্দা। সব মিলিয়ে এ বছর এখন পর্যন্ত পেনসিলভানিয়ায় সাতজন, উইসকনসিনে দুজন এবং নিউইয়র্কে একজনের মৃত্যু হয়েছে। তিন দশকের বেশি সময় পর এই রাজ্যগুলোতে হামে মৃত্যুর এমন ঘটনা রেকর্ড করা হলো।
পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশজুড়ে প্রায় পাঁচ হাজার ৪০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং ১৯৯১ সালের পর সর্বোচ্চ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদানের হার কমে যাওয়া এবং বিশ্বজুড়ে ভাইরাসের পুনরুত্থানই এই পরিস্থিতির মূল কারণ। ২০০০ সালে যুক্তরাষ্ট্রকে হামমুক্ত ঘোষণা করা হলেও বর্তমানে টানা এক বছর সংক্রমণ চলায় দেশটি সেই মর্যাদা হারানোর ঝুঁকিতে রয়েছে। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো) বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছে এবং আগামী মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।
সংক্রমণের মুখে থাকা শিশুদের সুরক্ষায় বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। মৃতদের মধ্যে অন্তত চারজন এত ছোট ছিল যে তাদের টিকা দেওয়ার বয়সই হয়নি। পরিস্থিতি মোকাবিলায় পেনসিলভানিয়া ও উইসকনসিনের উচ্চ সংক্রমণপ্রবণ এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের আগাম টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণত প্রথম ডোজ এক বছর বয়সে এবং দ্বিতীয় ডোজ চার থেকে ছয় বছর বয়সে দেওয়া হয়। উল্লেখ্য, দুই ডোজ টিকা হামের বিরুদ্ধে ৯৭ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম।
এনবিসি নিউজের অনুসন্ধান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ কাউন্টি ও প্রশাসনিক এলাকায় হামের টিকাদানের হার প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় ৯৫ শতাংশের নিচে নেমে গেছে। কিন্ডারগার্টেনে ভর্তি হওয়া শিশুদের টিকাদানের হার ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৯৫ শতাংশ থাকলেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা কমে ৯২ শতাংশে ঠেকেছে। টিকাদান কর্মসূচি শিথিল হওয়ায় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে দেশটি।