
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন যে, জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন, নৃশংসতা এবং একতরফা নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মাই সাতোর কর্মকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন। বাঘাইয়ের দাবি, যুক্তরাজ্য এই বিশেষ দায়িত্বটি জাতিসংঘের মানবাধিকার পরিষদের ওপর চাপিয়ে দিয়েছে।
বাঘাই আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অপরাধের দায় ইরানের ওপর চাপানোর জন্য এই বিশেষ প্রতিবেদকের পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত বিভ্রান্তিকর ও অসৎ উদ্দেশ্যপূর্ণ। জাতিসংঘের সাধারণ পরিষদে মাই সাতোর একটি প্রতিবেদন উপস্থাপনের প্রেক্ষিতে ইরান এমন কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান ইরানি নাগরিকদের দুর্দশা বাড়িয়ে তুলেছে।
তবে প্রতিবেদনে এটিও বলা হয়, এই আঞ্চলিক অস্থিরতাকে কাজে লাগিয়ে তেহরান সরকার নিজ দেশের ভেতরে ভিন্নমত দমনে অভিযান জোরদার করেছে। জাতিসংঘ জানিয়েছে, এই পরিস্থিতিতে ইরানে ভিন্নমতাবলম্বীদের ওপর ধরপাকড় এবং মৃত্যুদণ্ড কার্যকরের হার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বাইরের সামরিক চাপের মধ্যেও দেশটির কর্তৃপক্ষ অভ্যন্তরীণ বিরোধীদের দমনে সংঘাতকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।