
কুড়িগ্রামে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) চালানো এসব অভিযানে ৫ কেজি ১ গ্রাম গাঁজা ও ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩। আটক ব্যক্তিরা হলেন—নাছির উদ্দিন (৩২), শুভ মিয়া (২১), আলমগীর (৩৫) ও রমজান আলী (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার নাগেশ্বরী উপজেলার শুকুরটারী গ্রামের আব্দুল মজিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তার হাতে থাকা বস্তা তল্লাশি করে ৫ কেজি ১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
একই দিন ফুলবাড়ী উপজেলার নন্দিরকুঠি গ্রামের জুমারপাড় বাজার এলাকায় ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে চেকপোস্ট স্থাপন করে আরেকটি অভিযান পরিচালনা করে র্যাব-১৩। অভিযানে সন্দেহভাজন একটি মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংক ও সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলসহ তিন আরোহীকে আটক করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১৩, রংপুরের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply