
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক বিরোধের জেরে নিহত রাজমিস্ত্রী বশির উদ্দিন হত্যা মামলার আসামি আবু তাহেরকে (৪৫) আটক করেছে পুলিশ।সোমবার (১ জুন) রাতে চৌদ্দগ্রাম পৌর সদরের রামরায়গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন।
ধৃত আবু তাহের চৌদ্দগ্রাম পৌরসভার রামরায়গ্রামের মৃত আবদুল বারেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা মামলা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। নিহত বশির পৌরসভার ৭নং ওয়ার্ডের বৈদ্দেরখিল গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
জানা যায়, গত ২১ এপ্রিল রাতে পৌর এলাকার বৈদ্দেরখিল গ্রামে মাদক বিরোধকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল বারেকের ছেলে আবু রশিদ ও একই এলাকার মানিক মিয়ার ছেলে নাদিরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নাদিরের পক্ষের লোকজন আবু রশিদকে কুপিয়ে রক্তাক্ত করে এবং আবু রশিদের লোকজন বশিরকে কুপিয়ে রক্তাক্ত করে। গুরুতর আহত অবস্থায় বশির ও আবু রশিদকে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি ঘটলে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে (২৭ এপ্রিল) রাতে বশির ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করে। নিহত বশিরের স্ত্রী বাদী হয়ে আবু তাহেরসহ ৫ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করে।
চৌদ্দগ্রাম মডেল অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই আবুল কালাম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আসামির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।