
নগরের পাঁচলাইশের রহমান নগরে দেওয়াল ধসে শফিকুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শিশুসহ তিনজন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
আহতরা হলেন— মঞ্জিলা বেগম (৩২), সোহান (৪) ও ছাইফা (২)।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে রহমান নগরের আবাসিক এলাকার বি-ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুর রহমানের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, দেওয়াল ধসের ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।