
শেরপুর জেলার ঝিনাইগাতীতে দরিকালীনগর গ্রামে কচুরিপানাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে ছানিয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাসহ চারজনকে আসামি করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার দরিকালীনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ছানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশের কচুরিপানা অপসারণকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এ সময় ভাতিজা শাহ আলম লাঠি দিয়ে ছানিয়া বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক বিরোধের জেরে ভাসুরের ছেলেদের লাঠির আঘাতে ছানিয়া বেগম আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাসহ চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে নজরদারি জোরদার করেছে।