
ডিপ্লোমা–বিএসসি ইস্যুতে গঠিত কমিটির চূড়ান্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
আজ (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ এর ব্যানারে রুয়েট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস থেকে তালাইমারি হয়ে ভদ্রা মোড় পর্যন্ত অগ্রসর হয়। পরে সেখানে শিক্ষার্থীরা সাময়িক অবস্থান কর্মসূচি (সিট-ইন) পালন করেন এবং সাধারণ জনগণের কাছে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন।
শিক্ষার্থীরা জানান, সারা দেশে ডিপ্লোমা ইনস্টিটিউটগুলোর পক্ষ থেকে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচির প্রেক্ষাপটে প্রকৌশল শিক্ষার্থীদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় তারা এ আন্দোলনে নেমেছেন। ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশল শিক্ষার মধ্যে বিদ্যমান বৈষম্য নিরসনে গঠিত কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং তা বাস্তবায়নের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, প্রকৌশল পেশার মান, দক্ষতা ও একাডেমিক কাঠামো রক্ষায় ১০গ্রেডে বিষয়ে ন্যায্য ও যুক্তিসংগত সিদ্ধান্ত অপরিহার্য। এ বিষয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা বিরাজ করায় প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজকের কর্মসূচিতে রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলন অব্যাহত থাকবে।
Leave a Reply