
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নওগাঁর সাপাহার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ারাত জাহান চৌধুরী (লাবু) স্বাক্ষরিত বহিষ্কার আদেশের তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন ৪নং আইহাই ইউনিয়ন বিএনপির নির্বাচিত সদস্য মোঃ মোশারফ হোসেন, ৮নং ওয়ার্ড নং গোয়ালা ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আনোয়ার হোসেন, এবং একই ইউনিয়নের নির্বাচিত সদস্য মোঃ আঃ মালেক।
সাপাহার উপজেলা বিএনপির পক্ষ থেকে জারিকৃত বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল মার্কা)-এর পক্ষে প্রকাশ্যে মিছিল, মিটিংসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা ও পর্যালোচনার পর বিএনপির গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী সংশ্লিষ্ট তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের ফলে তারা বিএনপির সকল পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ হারাবেন।
বহিষ্কারাদেশে আরও বলা হয়, বহিষ্কৃতরা ভবিষ্যতে দলের কোনো সভা, সমাবেশ, কর্মসূচি কিংবা সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং কোনো অবস্থাতেই নিজেদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য বা প্রতিনিধি হিসেবে পরিচয় দিতে পারবেন না। একই সঙ্গে দলীয় সকল নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা, ঐক্য ও আদর্শ অক্ষুণ্ন রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কারাদেশটি অবিলম্বে কার্যকর হবে।
Leave a Reply