
নওগাঁয় এক ফল ব্যাবসায়ীকে মারপিট করে টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে। এঘটনায় নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৩ আগস্ট সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বরুনকান্দি মোড়ের সিয়াম ফল ভান্ডারে। ওই ঘটনায় আহত এ ফল ভান্ডারের মালিক জুয়েল সরকার (২৯) অভিযোগ করেন, জনৈক মোঃ মনির হোসেন (২৫) ও নাহিদ হোসেনের (৩০) নেতৃত্বে অজ্ঞাত ৬-৭ জন তার আড়তে অতর্কিতভাবে হামলা করে। এ সময় মনির হোসেন নামে ওই যুবক তার কাছে থাকে হেলমেট কেড়ে নিয়ে তার মাথায় আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করে। এ সময় জুয়েল সরকার আত্মরক্ষার্থে ওই আঘাত প্রতিহত করতে গিয়ে তার বাম হাত রক্তাক্ত জখম হয়।এছাড়াও অন্যান্যরা তাকে এলোপাথারিভাবে কিলঘুসি ও মারপিট করে বলে জুয়েল সরকার অভিযোগ করেন। অভিযোগ করা রয়েছে, ঘটনার সময় ওই ফল ব্যাবসায়ীর প্রতিষ্ঠানে থাকা ৫ লক্ষ ৪৩ হাজার টাকা তারা লুট করে নেওয়াসহ তাকে হত্যার হুমকি দেয় বলে জুয়েল অভিযোগ করেন। ঘটনার সময় আহত ওই ফল ব্যাবসায়ীকে স্থানীয় লোকজন উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেয়।
এঘটনায় জুয়েল সরকার বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ প্রাপ্তির সত্যতানিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এবিষয়ে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।