
নওগাঁর মান্দায় মাদকসেবীর হামলায় আব্দুর রাজ্জাক নামের এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছেন।
২০ মে বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব মোড়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক আব্দুর রাজ্জাক (৪৮) উপজেলার বালুবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সোনাপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। অন্যদিকে অভিযুক্ত মাদকসেবী বজলুর রহমান চককেশব গ্রামের সফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, এদিন স্কুল ছুটির পর শিক্ষক আব্দুর রাজ্জাক বাড়ি ফেরার পথে চককেশব মোড়ে পৌঁছলে সেখানে আগে থেকেই অবস্থানরত বজলুর রহমান দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ওই শিক্ষকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, অভিযুক্ত বজলুর রহমান নিয়মিত একজন মাদকসেবী। মাদকাশক্ত অবস্থায় রাস্তাঘাটে প্রায়দিন শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করে। মাদক সেবনে বাধা দেয়ায় বজলু রহমান বেশ কিছুদিন ধরে তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিল। মাদক সেবনে বাধা দেয়া এবং শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ করায় এ হামলা চালানো হয়েছে বলে তিনি দাবী করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।