
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ২ হাজার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৯ বোতল ইস্কফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ্জামান।
তিনি জানান, সোমবার ভোররাত আনুমানিক ২টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম বিওপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৯ বোতল ইস্কফ সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও পেশাদারিত্ব ও কঠোরতার সঙ্গে এ ধরনের অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।