
সরকারি বাঙলা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট দীর্ঘদিন ধরে অচল থাকায় একাডেমিক ও প্রশাসনিক নানা তথ্য জানতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। ডিজিটাল তথ্যপ্রযুক্তির যুগেও এমন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
শিক্ষার্থীরা জানান, পরীক্ষার সময়সূচি, ক্লাস রুটিন, নোটিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানার অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম ছিল কলেজের ওয়েবসাইট। কিন্তু সেটি অকার্যকর থাকায় তারা বিকল্প প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়া গ্রুপের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন, যা অনেক সময় ভুল তথ্য বা বিভ্রান্তি সৃষ্টি করছে।
সমাজকর্ম বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রেদওয়ান আহমেদ বলেন, “ওয়েবসাইট চালু না থাকায় অফিসিয়াল তথ্য পেতে আমাদের দেরি হচ্ছে। অনেক সময় একাধিক জায়গায় খোঁজ নিতে হয়, তাতেও নিশ্চিত হওয়া যায় না।”
বিষয়টি নিয়ে কলেজকেন্দ্রিক বিভিন্ন ফেসবুক গ্রুপে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের প্রশ্ন, একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কীভাবে দীর্ঘ সময় ধরে ওয়েবসাইট অকার্যকর রাখে?
এ ব্যাপারে ওয়েবসাইট তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভিন জানান, “ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটি সফটওয়্যার কোম্পানির ছিল। প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে সাইটটি বন্ধ রয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। আশা করছি দুই এক দিনের মধ্যে এটি আবার চালু হবে।”
শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে ওয়েবসাইটটি সচল করে নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশ নিশ্চিত করতে হবে। ডিজিটাল যুগে এমন অব্যবস্থাপনা শিক্ষার ধারাবাহিকতায় নেতিবাচক প্রভাব ফেলছে বলে তারা মন্তব্য করেন।