
দেশের শিল্প, সংস্কৃতি ও কারুশিল্পকে অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করার রূপরেখা তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘ক্রিয়েটিভ ফুটপ্রিন্টস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। পরে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়। অনুষ্ঠানের পর অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এতদিন প্রচলিত অর্থনৈতিক নীতিতে সংস্কৃতি ও শিল্পকলাকে পেছনের সারিতে রাখা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার সেই ধারায় পরিবর্তন এনে সৃজনশীল অর্থনীতিকে দেশের প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি করতে চায়। তিনি স্পষ্ট করেন, একা সরকারের পক্ষে এই বিশাল লক্ষ্য অর্জিত হওয়া সম্ভব নয়। তাই বাজেটভিত্তিক অর্থায়ন ও নীতিগত সহায়তার পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বেসকারী খাত ও সংস্থাসমূহকে যুক্ত করে এ খাতকে এগিয়ে নেওয়া হবে।
প্রান্তিক কারুশিল্পী, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান তৈরির ওপর জোর দেন অর্থমন্ত্রী। তিনি জানান, প্রান্তিক শিল্পীদের তৈরি সামগ্রীর ন্যায্যমূল্য নিশ্চিত করতে তাদের দক্ষতা বাড়ানো, নতুন নকশা তৈরি, ব্যান্ডিং ও আন্তর্জাতিক বাজারে বিপণনের উদ্যোগ নেওয়া হবে। বৈশ্বিক বাজারে পৌঁছাতে অ্যামাজন, ইবে এবং আলিবাবার মতো আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করার পরিকল্পনার কথাও জানান তিনি, যা বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখবে। এ জন্য শিল্পী ও কারুশিল্পীদের আর্থিক সহায়তা, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রির সুযোগ তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ খাতে প্রয়োজনীয় তহবিল বাজেটে বরাদ্দ করা হয়েছে।
সংগীত, চলচ্চিত্র, থিয়েটার ও হস্তশিল্পের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, এটি শুধু ব্যবসা বা শিল্পকলার বিষয় নয়, বরং বিশ্বের বুকে বাংলাদেশের ‘সফট পাওয়ার’ বা সাংস্কৃতিক প্রভাব তৈরির বড় মাধ্যম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ ছাড়া অন্যান্যদের মধ্যে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক উপস্থিত ছিলেন।