
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জ্বালানি তেলের দোকানসহ মোট আটটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারের পশ্চিম অংশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ (আমজাদ) নামে এক ব্যবসায়ীর তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ক্রেতার হাতে থাকা জ্বলন্ত সিগারেটের ফুলকা অসাবধানতাবশত দোকানে মজুদ থাকা পেট্রলের ওপর পড়ে যায়। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে এবং পাশের ফার্মেসি, মুদি দোকানসহ আশপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে যায়। দ্রুত আগুনের ভয়াবহতায় একে একে আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আগুন নেভাতে গিয়ে হুড়োহুড়ির একপর্যায়ে একজন ব্যক্তি আহত হন। স্থানীয়রা অভিযোগ করেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি করায় আগুন ব্যাপক আকার ধারণ করে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সোলাইমান জানান, এই অগ্নিকাণ্ডে আনুমানিক দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অধিকাংশ ব্যবসায়ী আর্থিকভাবে স্বচ্ছল না হওয়ায় তারা চরম সংকটে পড়েছেন।
হাতিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মেহেদী হাসান ভূঁইয়া বলেন, প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আনুমানিক ১০ লাখ টাকার বেশি মালামাল পুড়ে যায়। তবে অভিযানের মাধ্যমে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঘটনার পর জাহাজমারা বাজার ও আশপাশের এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
Leave a Reply