
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে ৪ শিক্ষককে তাদের চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে শ্রীপুর উপজেলা প্রশাসন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে এমন পদক্ষেপ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সজীব আহমেদ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভ্যানুতে এ ঘটনা ঘটে।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, আবেদ আলী গার্লস স্কুলের দুই শিক্ষক আরিফ উদ্দিন ও তাসফিয়া তানজুম এবং বারতোপা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান। এছাড়াও একই কারণে উপজেলার কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের নাহিদ হাসান নামে আরেক শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। নাহিদ হাসান বলদীঘাট জানমাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
জানা যায়, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভ্যানুতে নৈর্ব্যত্তিক পরীক্ষার সময় পরীক্ষা কক্ষে ছাত্র-ছাত্রীরা একে অন্যের সাথে আলাপচারিতা শুরু করেন। এসময় শিক্ষার্থীদের শান্ত না করে চুপ করে বসে থাকেন শিক্ষকরা। এই বিষয়টি পরিদর্শনে আসা উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি গোচর হয়। যার প্রেক্ষিতে তাৎক্ষণিক তাদের অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন তিনি।
মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ জানান, নৈর্ব্যক্তিক উঠানোর সময় শিক্ষার্থীরা একটু আওয়াজ করেছিল এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হলে তিনি ৩ জন শিক্ষককে অব্যাহতি দেওয়ার কথা বললে তাৎক্ষণিক তাদের চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে নকল মুক্ত পরিবেশে যেন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করছে শ্রীপুর উপজেলা প্রশাসন। তার পরিপ্রেক্ষিতে ৪ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।