
চট্টগ্রাম মহানগরী বায়েজিদ বোস্তামী এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েমকারী সাদ্দাম হোসেন, যিনি স্থানীয়ভাবে ‘গলাকাটা বাচা’ নামে পরিচিত, তাকে অবশেষে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭),চট্টগ্রাম । শুক্রবার, এক অভিযানে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একাধিক হত্যা, অস্ত্রবাজি, চাঁদাবাজি, ভূমি দখলসহ অসংখ্য মামলার এই পলাতক আসামি এই ‘গলা কাটা বাচা’।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর একাধিক থানার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক ও অস্ত্রধারী সন্ত্রাসী সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’ (৩৭) চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকায় আত্মগোপনে রয়েছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল গত৩ এপ্রিল আনুমানিক দুপুর ২টা ৪৫ মিনিটে উক্ত এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সন্ত্রাসী সাদ্দাম হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। তার পিতার নাম আব্দুল করিম এবং তার স্থায়ী ঠিকানা বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধার কলোনী বলে জানা গেছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, চকবাজার, ডাবল মুরিং, বায়েজিদ বোস্তামি, আকবর শাহ্ এবং সীতাকুণ্ড থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, মাদক ব্যবসা, ছিনতাই, নাশকতা ও ভূমি দখলসহ মোট ৭টি মামলার তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply