
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ব্যাপারীরহাট এলাকার বাঁশেরতল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুরুঙ্গামারী থেকে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া (৮), একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরন্নবী (২৮) এবং শিলখুড়ি ইউনিয়নের সাইফুর রহমানের ছেলে ও মাইক্রোবাসচালক লিমন মিয়া (২৮)।
দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। পরে গুরুতর আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply