
রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন– মো. পরান (২০) ও মো. ইমরান (২০)। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকুও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে কামরাঙ্গীরচর থানার পূর্ব ইসলামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ হোসেনকে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
এসময় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় এবং অভিযুক্তরা যাতে পালিয়ে যেতে না পারে, সেজন্য বিভিন্ন স্থানে তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপন ও তল্লাশি অভিযান চালানো হয়।
একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের নূরবাগ এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে রক্তমাখা একটি চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।