
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন। তাকে অন্য কোনো নিরাপদ তৃতীয় দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা নিয়ে ভারত সরকারের মধ্যে দীর্ঘদিনের আলোচনা থাকলেও সেই চেষ্টা এখনো সফল হয়নি। এমনকি আফ্রিকা মহাদেশের কোনো রাষ্ট্রও তাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে সম্মতি প্রকাশ করেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নাজমুল হক আরও জানান, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতারসহ বিভিন্ন দেশ এই গণহত্যাকারীকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে। ভারতের জন্য শেখ হাসিনার উপস্থিতি এখন ক্রমশ বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত ব্যক্তিকে দিনের পর দিন আশ্রয় দেওয়ার কারণে ভারতকে বিভিন্ন মহলে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।
বিবিসি বাংলার একটি প্রতিবেদনের সূত্র ধরে তিনি উল্লেখ করেন, ভারতের নীতিনির্ধারকরা এখন মনে করছেন, শেখ হাসিনার জন্য একমাত্র বাস্তবসম্মত বিকল্প হলো বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়া। অর্থাৎ, তার সামনে সব দরজা একে একে বন্ধ হয়ে আসছে। এমন পরিস্থিতিতে এখন অবশিষ্ট থাকা তৃণমূল নেতাকর্মীদের আবেগকে পুঁজি করে শেখ পরিবার আবারও বাংলাদেশে ফেরার পাঁয়তারা চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
নিজের নেতাকর্মীদের মৃত্যুর মুখে ফেলে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার কঠোর সমালোচনা করে তিনি লেখেন, ক্ষমতা হারানোর মুহূর্তে নেতাকর্মীদের রক্ষা না করে তিনি পরিবারের সদস্যদের আগেভাগেই বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন। এ সময় তার ছেলের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে, নেতাকর্মীরা যেন নিজেদের ভালো-মন্দ নিজেরাই বুঝে নেন। এখন দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে আবার সেই তৃণমূলের কর্মীদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে জড়িতদের সতর্ক করে তিনি ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিয়ে পুনরায় ভেবে দেখার আহ্বান জানান।