
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ বাংলাদেশ বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এর পূর্ণাঙ্গ অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। সর্বোচ্চ ছয় বছরের জন্য বিভাগ দুটিকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএইটিই এর পর্যবেক্ষণ দল যন্ত্রকৌশল ও ইটিই বিভাগের ল্যাবরেটরি ও অন্যান্য অবকাঠামোগত সুবিধা, কারিকুলাম, শিক্ষকদের গবেষণা কার্যক্রম, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে। পরবর্তীতে সেক্টোরাল কমিটির বৈঠকে এসব মূল্যায়নের ভিত্তিতে দুই বিভাগকে পূর্ণাঙ্গ অ্যাক্রেডিটেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই স্বীকৃতির মাধ্যমে রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগের স্নাতক শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রকৌশল শিক্ষার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে স্বীকৃতি পেল। বিশেষ করে, ২০২৪ সালে বিএইটিই আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং অ্যালায়েন্সের (আইএই) ওয়াশিংটন অ্যাকর্ড এর পূর্ণাঙ্গ সিগনেটরি সদস্য হওয়ায় এ অ্যাক্রেডিটেশনের আন্তর্জাতিক গুরুত্ব আরও বেড়েছে। তবে ছয় বছরের স্বীকৃতি পেলেও নির্ধারিত সময়ের মাঝামাঝি অর্থাৎ তিন বছর পর নিয়ম অনুযায়ী পুনর্মূল্যায়ন অনুষ্ঠিত হবে।
ওয়াশিংটন অ্যাকর্ডের অধীনে স্বীকৃত অ্যাক্রেডিটেশন শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে প্রকৌশল শিক্ষার মানের স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি করে। এর ফলে রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগের গ্র্যাজুয়েটরা ওয়াশিংটন অ্যাকর্ড এর সদস্য দেশগুলোতে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে তাদের প্রকৌশল ডিগ্রির স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষা, বিভিন্ন স্কলারশিপ ও গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক প্রকৌশল প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার সম্ভাবনাও বাড়বে।
যন্ত্রকৌশল ও ইটিই বিভাগের এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন রুয়েট প্রশাসন, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এ অ্যাক্রেডিটেশন রুয়েটের একাডেমিক ও গবেষণার মানোন্নয়নের ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। একই সঙ্গে এটি দুই বিভাগের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।