
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রশিদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় সোনাহাট দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি আমগাছ থেকে আম পাড়ার সময় কাঁচা বাঁশ ব্যবহার করছিল রশিদ। এ সময় বাঁশটি অসাবধানতাবশত পাশের পল্লী বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, বিষয়টি সম্পর্কে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে। নিহতের পরিবারে চলছে আহাজারি।