
কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাব’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকাল ৩টায় উলিপুর প্রেসক্লাবের ক্ষতিগ্রস্ত ভবনে এক সাধারণ সভায় দীর্ঘ সাংগঠনিক আলোচনা শেষে সংগঠনকে গতিশীল করতে সিনিয়র সাংবাদিক তৈয়বুর রহমানকে (ভোরের কাগজ) আহ্বায়ক ও মাহমুদুল হাসান শাহীনকে (এশিয়ান টেলিভিশন) যুগ্ম আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সমর মজুমদার চন্দন (দৈনিক সংবাদ), মমতাজুল হাসান করিমী (সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক জুলফিকার), নূর বক্ত মিয়া (ভোরের ডাক), হাফিজুর রহমান শাহীন (দৈনিক দিনকাল/দাবানল), ফয়জার রহমান রানু (আলোকিত বাংলাদেশ)।
প্রেসক্লাবের সদস্য নুরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সুযোগ নিয়ে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক প্রেসক্লাব ভবন ভাঙচুর, মালামাল লুণ্ঠন ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানানো হয়। সেইসাথে উলিপুর প্রেসক্লাবকে আর যাতে কেউ কোন দলীয় কার্যালয় কিংবা দলীয় প্রভাবে ব্যবহার করতে না পারে, সেজন্য গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারে সকলে একমত পোষণ করেন।