1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে: তথ্য উপদেষ্টা ঢাকা ও চট্টগ্রামে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় লালন আখড়াবাড়ির দানবাক্স খুলে মিলল ৮ লাখ টাকা জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক: নতুন সম্পর্কের সূচনা আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চলছে পাঠদান, “ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা” দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর ইয়ন সাং-হোর নতুন ছবি ‘কলোনি’: বুদ্ধিমতি জম্বিদের নতুন আতঙ্ক শত্রুর সাথেও ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ: প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১০:৪৪ এএম
শেয়ার করুন

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ২৬ অক্টোবর সোমবার জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং টোকিওতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরে আনুষ্ঠানিক সমাদর শেষে প্রধানমন্ত্রীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত তারেক রহমানের এই সরকারি সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বটি নির্ধারিত রয়েছে মঙ্গলবার (২৭ অক্টোবর)। এদিন জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে শীর্ষ দ্বিপক্ষীয় বৈঠক হবে। আলোচনার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সফরের প্রথম দিন সোমবার জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান। সফরজুড়ে জাপানের একাধিক সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এ ছাড়া জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গেও তাঁর পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি জাপানের শিল্পকারখানা, জ্বালানি স্থাপনা ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান পরিদর্শনের কর্মসূচিও রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) কার্যকর বাস্তবায়ন এবং জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সম্প্রসারণ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া কৃষি, বেসামরিক বিমান চলাচল, পরিবেশ সংরক্ষণ, স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়ন, জ্বালানি সহযোগিতা ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদলে রয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এবং আমজনতার দলের নেতা মো. তারেক রহমান। এ ছাড়া সফর বহরে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যরা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সফরে বাংলাদেশে নতুন জাপানি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পকারখানা স্থাপন, দক্ষ জনশক্তি তৈরি এবং বিদ্যমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, জাপানি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর এবং উন্নয়ন সহযোগিতায় নতুন গতি আনাই এ সফরের অন্যতম লক্ষ্য।

এর আগে সোমবার বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমানে টোকিওর উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। ঢাকার বিমানবন্দরে তাঁকে ও তাঁর সহধর্মিণীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সফরটির কূটনৈতিক তাৎপর্য তুলে ধরে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম আগেই জানিয়েছিলেন, এই সফর বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে এবং দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে পৌঁছাবে। চার দিনের সব কর্মসূচি সম্পন্ন করে আগামী ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর ঢাকায় প্রত্যাবর্তন করার কথা রয়েছে।

এই বিভাগের আরো খবর