
রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে ভেসে থাকা অবস্থায় বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে ৯৯৯ নম্বর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে এই মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর বলে জানিয়েছে পুলিশ। ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে টঙ্গীর বন্দর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশের একটি দল। নৌ পুলিশের এক বার্তায় বলা হয়েছে, ২৮ অক্টোবর, বিকাল সাড়ে ৪টায় ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়া যায় উওরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে একটি মৃতদেহ ভাসছে। অজ্ঞাতনামা পুরুষের লাশ বয়স অনুমান ২৮ বছর।
নৌ পুলিশের কন্ট্রোল রুমের কনস্টেবল রাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির পরনে ছিল সাদা পাজামা ও কালো রঙের জামা। তার পকেটে থাকা একটি আইফোন এবং হাতে থাকা ঘড়ির সূত্র ধরে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। ঘটনাস্থলে নৌ পুলিশের কর্মকর্তা ও সদস্যরা সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন এবং তদন্ত চলমান রয়েছে। তার মোবাইল ফোন ও হাতঘড়ি পাওয়ার পর তার পরিচয় পাওয়া যায়।
নিহত তাহসিফ সৌরির মুখে হালকা দাড়ি ছিল। উদ্ধার অভিযানে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির গাজীপুর অফিসার ও সংশ্লিষ্ট ফোর্স অংশ নেয়। ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর প্রকৃত রহস্য ও কারণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।