
মোংলা বন্দরের উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে এর অবদান আরও শক্তিশালী করার লক্ষ্যে মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক, পারস্পরিক আস্থা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন, সেতু ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করলে বন্দরের বৃহত্তর স্বার্থ সংরক্ষিত হবে। ছোটখাটো সব মতপার্থক্য ভুলে সবাইকে সম্মিলিতভাবে দেশের অর্থনীতির এই চালিকাশক্তিকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে শ্রমিকদের ভূমিকার প্রশংসা করে নৌপরিবহনমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে। তিনি শ্রমিক সংগঠন ও সিবিএকে দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন। মোংলা বন্দরকে দক্ষিণবঙ্গের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শ্রমিকরাই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম মূল চালিকাশক্তি বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তিনি বক্তব্যে বলেন, বন্দরের অর্থনৈতিক উন্নয়নের মূল শক্তি হলো শ্রমিকরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম (মনা)। এছাড়া বন্দর কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতা, আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগ এবং কমিটির চেয়ারম্যান ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী। অনুষ্ঠান শেষে মন্ত্রী শেখ রবিউল আলম ও বন্দর চেয়ারম্যান জেটির প্রবেশদ্বারে বৃক্ষরোপণ করেন। পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।