
দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ১৪ থেকে ১৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের সতর্কতার কারণে তারা ভারতে ফিরে যেতে বাধ্য হয়।
এদিকে সীমান্তে পুশইন ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে গ্রামবাসী ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর আজ ভোরে তারা ভারতে ফিরে যায়। পুশইনের চেষ্টা ঠেকাতে সীমান্ত এলাকায় লাঠি হাতে স্থানীয় পুরুষদের পাশাপাশি নারীরাও গ্রামের বিভিন্ন মোড়ে অবস্থান করছেন। সীমান্তের বিভিন্ন পোস্টে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
রোববার রাত ১১টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ভারতীয় কাঁটাতারের বেড়া অতিক্রম করে বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন বিএসএফ সদস্যরা। তারা বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করেন। পরে বিএসএফ সদস্যরা তাদের ফিরিয়ে নিতে বাধ্য হন।
স্থানীয় বাসিন্দা নাজমুল রহমান বলেন, রাতে আমি বাড়ির পাশে মাঠে দাঁড়িয়ে ছিলাম। এ সময় বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখি। আমি চিৎকার করে বিষয়টি জানালে পোস্টে থাকা বিজিবি সদস্য ও গ্রামবাসীরা সেখানে উপস্থিত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের ফিরিয়ে নিতে বাধ্য হন।
দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান বলেন, পুশইনের চেষ্টা আমরা প্রতিহত করেছি। স্থানীয় গ্রামবাসীরা আমাদের সহযোগিতা করেছেন। আমাদের পাশাপাশি গ্রামবাসী ও আনসার সদস্যরাও টহল দিচ্ছেন। পুশইন ঠেকাতে এই এলাকায় আমরা সতর্ক অবস্থানে আছি।