
নওগাঁর সাপাহার উপজেলায় তীব্র শীত ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। বিশেষ করে গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি।
শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা সদরে সমিতির নিজস্ব কার্যালয়ে প্রায় দুই শতাধিক দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি ও সমিতির উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)-এর ব্যক্তিগত অর্থায়নে এই মহতী উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সাইদ।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, কোষাধ্যক্ষ শাহিনুর (ফিডার), সদস্য পরিতোষ ও সবুজ সাহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রচণ্ড শীতে অসহায় মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তারা সমাজের সামর্থ্যবান মানুষদেরও শীতার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply