
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, “৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি না হলে দেশে জুলাই বিপ্লব কিংবা ইন্টারিম সরকারের জন্ম হতো না। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা নেতা, যার নেতৃত্ব দেশকে অভিশাপ থেকে মুক্তি দেয়।”
শনিবার (৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটারিয়ায় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) রাবি শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সভার প্রধান অতিথি অধ্যাপক রফিকুল ইসলাম আরও বলেন, স্বাধীনতা ও রাষ্ট্রগঠনের পরবর্তী সংকটময় অধ্যায়ে জিয়াউর রহমানের নেতৃত্বই দেশকে স্থিতিশীলতার পথে ফেরায়। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের সহযোগী যারা ছিল, আজ তারাই বড় বড় কথা বলছে; তাই তাদের প্রতারণা থেকে জনগণকে সতর্ক থাকতে হবে।
এসময় ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীমসহ ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশীদ।