
রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় আবারও অভাবনীয় ফলাফল অর্জন করেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রতিষ্ঠানটির গড় পাসের হার ৯৯.০৭ শতাংশ। এ বছর মোট ২২৮ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব দেখিয়েছে।
শিক্ষার্থীদের এই সাফল্যের প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা কৃতকার্য শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের অদম্য নিষ্ঠা, কঠোর পরিশ্রম, শিক্ষকদের অক্লান্ত অধ্যাবসায় এবং অভিভাবকদের নিরন্তর সহযোগিতাই আজকের এই উজ্জ্বল সাফল্যের মূল ভিত্তি। তিনি ভবিষ্যতে প্রতিষ্ঠানের শিক্ষার মান ও সাফল্যের ধারাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি এই ধারাবাহিক সাফল্যের নেপথ্যে বিভিন্ন পক্ষের সমন্বিত প্রচেষ্টাকে মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সুপরিকল্পিত পাঠদান পদ্ধতি, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক ও গভর্নিং বডির সম্মিলিত দায়বদ্ধতা এবং সকলের কঠোর পরিশ্রমের ফলেই এই চমৎকার ফলাফল অর্জিত হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধান এবং আধুনিক শিক্ষাব্যবস্থার চর্চাই সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজকে ধারাবাহিকভাবে সাফল্যের পথে এগিয়ে নিচ্ছে। শিক্ষার্থীদের মেধাবিকাশে প্রতিষ্ঠানের গৃহীত বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নই এই অর্জনের পেছনে বড় ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে।