
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় এ বছর আলিম পরীক্ষায় অংশ নেওয়া ছয়জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। অথচ এই শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪ জন শিক্ষক রয়েছেন। শুধু চলতি বছর নয়, গত বছরও মাদ্রাসাটির ফলাফল ছিল হতাশাজনক। ২০২৫ সালে অংশ নেওয়া নয়জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার পরীক্ষায় অংশ নেওয়া ছয়জন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। ধারাবাহিকভাবে এমন বিপর্যয়কর ফলাফলে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, শিক্ষার্থীদের এমন পরিণতির দায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিতে হবে এবং শিক্ষকদের বেতন-ভাতা বন্ধসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
ফলাফল বিপর্যয়ের বিষয়ে জানতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পরপরই বিষয়টি এড়িয়ে যান। পরে তার আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস বিষয়টি নিশ্চিত করে জানান, অতীতেও এই প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেছে। তখন প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। বর্তমানে ভাইস প্রিন্সিপাল ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। এই বিপর্যয় অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে পুনরায় প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।