
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নকিব হোসেন আদিল সরকার কারাবন্দী অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) কারাগারে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নকিব হোসেন আদিল সরকার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের হদ্দেরভিটা গ্রামের বাসিন্দা ছিলেন।
কারা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নকিব হোসেন আদিল সরকার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ত্রিশাল এলাকায় সংঘটিত হত্যা, লুণ্ঠন, নির্যাতন ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ছিলেন বলে জানা যায়। ২০২৩ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে নকিব হোসেন আদিল সরকারসহ ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে ২০২৩ সালের জানুয়ারির শেষ দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে আদালতের নির্দেশে তিনি কারাগারে বন্দী ছিলেন।