
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে মাদকবিরোধী অভিযানের খবর পেয়ে গাঁজাভর্তি বস্তা ফেলে পালিয়েছে চোরাকারবারিরা। পরে পরিত্যক্ত অবস্থায় ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার ধলডাঙা সীমান্তের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত গাঁজাভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৫৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করছে। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে বিজিবির অভিযান ও কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত এলাকায় বিজিবির ধারাবাহিক অভিযান ও নজরদারি বৃদ্ধির ফলে মাদক কারবারিদের তৎপরতা অনেকটাই চাপে পড়েছে। তবে চোরাচালান পুরোপুরি বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।