
কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে একটি পিকআপসহ বিপুল পরিমাণ বাসমতি চাল ও ফুচকা জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২৭ লাখ ৯৫ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আওতাধীন কটকবাজার বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া কাজীবাড়ি নামক স্থানে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপে থাকা বিপুল পরিমাণ বাসমতি চাল ও ফুচকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ২৭ লাখ ৯৫ হাজার টাকা।
বিজিবি জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
জব্দ করা মালামাল বিধি মোতাবেক থানায় জমা দেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।