
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তিকে ২৪ ঘণ্টার বেশি আটক রাখার পর তাঁর অবস্থান বা আটকের বিষয়টি পরিবারকে না জানালে তা গুম হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ২৪ ঘণ্টা পার হওয়ার পর যতক্ষণ কোনো ব্যক্তিকে আটক রাখা হবে এবং তাঁকে আইনি লড়াইয়ের সুযোগ দেওয়া হবে না, সেই সময়টুকু গুম হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন জাতীয় সংসদে পাস হয়েছে। ওই আইনে গুমের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তাতে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করার পর তাঁর অবস্থান বা তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা গোপন রাখলে, অজ্ঞাত স্থানে আটক রাখলে অথবা আইনি সুবিধা থেকে বঞ্চিত করলে তা স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, আইনে গুমের ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করার জন্য আলাদা শর্ত রাখা হয়েছে। কোনো ঘটনা ব্যাপক মাত্রায় সংঘটিত হলে অথবা একই ধরনের প্যাটার্ন বা পদ্ধতিতে সংঘটিত হলে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর বিচার হবে।