1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে যুবদলের কমিটি গঠন নিয়ে তোলপাড়, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ - আজকের কাগজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সন্তানের আচরণে এই পরিবর্তনগুলো দেখলে সতর্ক হোন বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা আবহাওয়াবিদদের মানুষের মতো স্বপ্ন দেখে এই প্রাণীরাও! ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনো বিজিবির অভিযানে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ নওগাঁয় ছাত্রীদের শরীর স্পর্শের অভিযুক্ত শিক্ষককে বদলী ১১ বছর ধরে বন্দি মানসিক ভারসাম্যহীন জাফর, চিকিৎসার আকুতি বৃদ্ধ বাবা-মায়ের সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা: প্রধানমন্ত্রী অবিবাহিত হওয়ায় মেয়র পদে বাদ পড়া আইগনার জার্মানির প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি

চৌদ্দগ্রামে যুবদলের কমিটি গঠন নিয়ে তোলপাড়, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৫:৪৫ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিয়ন পর্যায়ে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনকে কেন্দ্র করে দলীয় রাজনীতিতে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। কমিটি গঠনে স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব হয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। কোথাও কোথাও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়েছে। ঘোষিত কমিটিতে আওয়ামী যুবলীগ ও জামায়াত-সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থান দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও বিভক্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শ্রীপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন নবীন হাজারীর নেতৃত্বে ঘোষিত কমিটির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা কমিটি গঠনে সাংগঠনিক গঠনতন্ত্র অনুসরণ না করার অভিযোগ তুলে নতুন করে কমিটি গঠনের দাবি জানান।
স্থানীয় যুবদলের একাধিক নেতাকর্মীর অভিযোগ, উপজেলার বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠনের ক্ষেত্রে সাংগঠনিক নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। দীর্ঘদিন দলের রাজনীতির সঙ্গে যুক্ত ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে আত্মীয়তার সম্পর্ক, ব্যক্তিগত ঘনিষ্ঠতা ও বিশেষ মহলের পছন্দকে প্রাধান্য দেওয়া হয়েছে। এমনকি আওয়ামী যুবলীগ ও জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও কয়েকটি কমিটিতে স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কমিটি গঠনে সাংগঠনিক মানদণ্ড নিয়ে প্রশ্ন
যুবদলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্ধারিত সাংগঠনিক কাঠামো ও কমিটি গঠনের প্রক্রিয়া রয়েছে। কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠনে এসব বিধিবিধান অনুসরণের কথা থাকলেও চৌদ্দগ্রামের সাম্প্রতিক ইউনিয়ন কমিটিগুলোর গঠনপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা।
তাঁদের দাবি, বিভিন্ন ইউনিয়নের কমিটিতে সদস্যসংখ্যার ক্ষেত্রেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। উজিরপুর ইউনিয়নে ১০১ সদস্যবিশিষ্ট, জগন্নাথদীঘি ইউনিয়নে ৪১ সদস্যবিশিষ্ট এবং বাতিসা ও শ্রীপুর ইউনিয়নে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। অন্য ইউনিয়নগুলোতে কোথাও ২১, কোথাও ৩১ আবার কোথাও ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
একই উপজেলার ইউনিয়ন কমিটিগুলোর সদস্যসংখ্যায় এমন ভিন্নতার পেছনে কী সাংগঠনিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে, কারা এসব কমিটি অনুমোদন দিয়েছেন এবং কমিটি গঠনের আগে তৃণমূলের মতামত কতটা নেওয়া হয়েছে—এসব প্রশ্নের স্বচ্ছ ব্যাখ্যা দাবি করছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
সদস্য সচিবের বিরুদ্ধে অর্থ লেনদেন ও স্বজনপ্রীতির অভিযোগ:
কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদারের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ। তাঁদের দাবি, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন কমিটিতে পদ বণ্টনের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করা হয়েছে। পাশাপাশি অর্থ লেনদেনের মাধ্যমে তাঁর সহপাঠী ও আত্মীয়দের পাশাপাশি আওয়ামী যুবলীগ ও জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়ার অভিযোগ উঠেছে।
শ্রীপুর ইউনিয়ন যুবদলের একাধিক নেতার অভিযোগ, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক অবদান ও দলের দুঃসময়ে ভূমিকা বিবেচনায় না নিয়ে কমিটি গঠন করায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাঁরা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অর্থ লেনদেন, স্বজনপ্রীতি ও বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্তির এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
যা বলছেন উপজেলা যুবদলের শীর্ষ দুই নেতা
অভিযোগের বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন বলেন, “কিছু সময় আমার সঙ্গে সমন্বয়হীনতার কারণে সমস্যা সৃষ্টি হয়েছে। তবে আহ্বায়ক হিসেবে আমি সমস্যাগুলো ব্যক্তিগতভাবে সমাধানের চেষ্টা করেছি। পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ থাকতেই পারে। সবাইকে সন্তুষ্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়।”
অন্যদিকে উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে মুঠোফোনে বলেন, “আমি যুবদল করি এবং দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে অনেককে ইউনিয়ন যুবদলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে পারিনি। সে কারণে পদবঞ্চিত নেতাকর্মীরা আমার বিরোধিতা করতেই পারেন।”
সব মিলিয়ে চৌদ্দগ্রামে যুবদলের ইউনিয়ন কমিটি গঠন নিয়ে সৃষ্ট বিরোধ এখন তৃণমূলের গণ্ডি পেরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে নেতাকর্মীদের প্রত্যাশা, দলীয় নেতৃত্ব নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবে এবং সাংগঠনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

এই বিভাগের আরো খবর