
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে ভয়াবহ অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংসদ সদস্য নিজে দৌলতপুর থানায় সশরীরে উপস্থিত হয়ে এই এজাহার জমা দেন। পরে রাত সাড়ে আটটার দিকে পুলিশ মামলাটি নথিভুক্ত করে।
মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় বিভিন্ন পর্যায়ের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলমান রয়েছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
এজাহার সূত্রে জানা যায়, সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য নুসরাত তাবাসসুম ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে সে সময় অবস্থান করছিলেন তার বাবা মোহা. আব্দুল হালিম (৬১), মা মোছা. জহুরা খাতুন ও পরিবারের অন্যান্য সদস্যরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দে পরিবারের লোকজনের ঘুম ভেঙে যায়। তারা ঘর থেকে বাইরে বেরিয়ে দেখেন বসতবাড়ি, উঠানসহ আশপাশের বিভিন্ন জায়গায় দাউদাউ করে আগুন জ্বলছে। পরিবারের সদস্যদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও আগুন নেভাতে হিমশিম খেতে হয় তাদের।
দৌলতপুরে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় তার বসতঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বাড়ির গোয়ালঘরে থাকা তিনটি ছাগলও আগুনে পুড়ে মারা গেছে। নুসরাত তাবাসসুম পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ও অগ্নিসংযোগ চালানো হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন।