
নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৫ হাজার বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব সার সরকারি মুল্যে বিক্রি করাসহ এক ব্যাসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্টের বিচারক।
১৯ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার চার সার ব্যাবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ অভিযানে আনুমানিক ৫২ লাখ টাকা মুল্যের প্রায় ৫ হাজার বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করা হয়। এসময় মোবাইল কোর্টের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন ওই রায় প্রদান করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। অভিযানে উপজেলার আঘোর বাজারে মেসার্স আলামিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের প্রতিষ্ঠান থেকে ২১৪ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খড়িবাড়ী বাজারে মেসার্স সিমা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী নূরে আলম সিদ্দিক হোসেনের প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়।এ ছাড়াও সাদাপুর খড়িবাড়ী বাজারে মেসার্স বুলবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ বুলবুল আহম্মেদের প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়।মোবাইল কোর্টের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, জব্দকৃত সার বৃহস্পতিবার থেকে কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।