
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) আয়োজিত নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুসরণ করে গোপন ভোটের আয়োজন করা হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুইজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের সমর্থনের ভিত্তিতেই ১৭ হাজার টাকা মজুরি চূড়ান্ত করে বোর্ড। সভায় দীর্ঘ আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মজুরির একটি নির্দিষ্ট অঙ্কে একমত হতে পারেননি। পরে বোর্ডের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে গোপন ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়। এ ছাড়া শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি ও বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনা করে নির্ধারণ করা হবে।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী গণমাধ্যমকে জানান, সভায় মালিকপক্ষ ১৬ হাজার এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকা প্রস্তাব করেছিল। চারটি গ্রেডের মধ্যে প্রথম তিনটি গ্রেডের মজুরি নিয়ে দুই পক্ষ একমত হলেও সর্বনিম্ন গ্রেড নিয়ে মতপার্থক্য তৈরি হয়। নতুন এই বেতন কাঠামো অনুযায়ী, গ্রেড-১ এ মাসিক ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২ এ ২০ হাজার টাকা, গ্রেড-৩ এ ১৯ হাজার ২০০ টাকা এবং গ্রেড-৪ বা সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকেই নতুন এই মজুরি কাঠামো কার্যকর করা হবে বলে বোর্ড চেয়ারম্যান নিশ্চিত করেছেন। ফলে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে আগামী জানুয়ারি মাসে পরিশোধ করা বেতনের সঙ্গে শ্রমিকরা নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন। বৈঠকে শ্রমিকপক্ষের সর্বশেষ সংশোধিত প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। ফলে সব পর্যায়ের শ্রমিকরাই এর সুফল পাবেন।
মজুরি সমন্বয়ের বিষয়ে তিনি আরও জানান, নতুন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে পুরোনো বেতনের সঙ্গে ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, বর্তমানে যারা নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও অন্তত ২ হাজার টাকা সমন্বয় করা হবে। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় খসড়া সুপারিশ দ্রুত চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রসঙ্গত, নতুন এই বেতন কাঠামো নির্ধারণকে কেন্দ্র করে গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে, যার পরিপ্রেক্ষিতে অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ৭০ কারখানায় ছুটি বোর্ড চেয়ারম্যান জানান, চারটি গ্রেডের মধ্যে প্রথম তিনটির মজুরি মালিক ও শ্রমিকপক্ষের সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়েছে।