
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজে এডহক কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার সকালে শিক্ষার্থী ও এলাকাবাসী ওই প্রতিষ্ঠানের সামনে মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধন সূত্রে জানা যায়, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলাম পূর্বে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি পদ দখলে নেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে এডহক কমিটির মেয়াদ শেষ হলে পুনরায় সভাপতি পদে থাকার জন্য তিনি উপর মহলে দৌড়ঝাপসহ শুরু করেছে।
এছাড়া গতকাল স্থানীয় কিছু সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে তিনি বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মহড়া দেন বলে অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে তারা প্রতিষ্ঠানের কোনো কমিটিতেই দেখতে চান না। মানববন্ধনে বক্তারা বলেন,
“একজন দুর্নীতিবাজ ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি হলে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে যাবে। আমরা কোনো দুর্নীতিবাজকে এডহক কমিটির সভাপতি হিসেবে চাই না।”
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ বাদল হোসেন, জামাল খান, আমজাদ হোসেন, আসিফ সিকদার, আব্দুল আল মামুন, জুবায়ের হাসান, অনিক হোসেন সহ আরও অনেকে।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দুর্নীতিবাজ ও বিতর্কিত ব্যক্তিদের সভাপতি পদে বসানো বন্ধ করতে হবে।