
বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক শারিরীক সম্পর্কে জড়িয়ে ও পর্নোগ্রাফি তৈরির মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেফতার করেছে সিএমপি’র সদরঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম তৌসিফ আহমেদ (২২)। তিনি সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী টং ফকির মাজার লেইন এলাকার মৃত আব্দুল হাই ও নুর বেগমের ছেলে।
সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ-এর নেতৃত্বে এসআই (নিঃ) নুর উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ সদরঘাট থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গত ২৪ জুন ভুক্তভোগী বাদী হয়ে সদরঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (ধারা- ৯খ) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২, ধারা- ৮(১)/৮(২)এর অধীনে একটি মামলা (এফআইআর নং-৩) দায়ের করেন। মামলার এজাহারে আসামির বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক যৌনকর্ম, পর্নোগ্রাফি উৎপাদন এবং তীব্র মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশ অত্যন্ত তৎপর।
মামলা দায়েরের পরদিনই পুলিশ তৎপরতা চালিয়ে আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।