
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে এনসিপির এক নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন।
ওই পোস্টে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করা হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
সন্ধ্যার পর এনসিপির ওই নেতা ও তাঁর সহযোগীরা দরবেশ বাজার এলাকায় লিফলেট বিতরণ করতে গেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে এনসিপির ৭ জন এবং বিএনপির ২ জন আহত হন।আহতরা হলেন— চানন্দী ইউনিয়ন এনসিপির আহ্বায়ক জাকের হোসেন, হাতিয়া উপজেলা জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, ছাত্রশক্তির রবিন, এনসিপি নেতা জাফের, দুলাল ও শাহাদাত।
বিএনপির আহতরা হলেন— সারওয়ার এবং শারীরিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সারু।
এনসিপির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার এলাকায় একটি পিচঢালাই রাস্তা কেটে ইট, বালু ও পাথর বিক্রি করছিল স্থানীয় বিএনপির কয়েকজন নেতা। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বাসায় ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে বিএনপির সশস্ত্র লোকজন এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, সংঘর্ষের সময় এনসিপির অন্তত ৮টি মোটরসাইকেল লুট করা হয়েছে এবং আহতরা বর্তমানে চিকিৎসাধীন।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দরবেশ বাজার এলাকার বালু ব্যবসায়ী জাকের ব্যাপারী ও ইঞ্জিনিয়ার তানবিরের লোকজন স্থানীয়দের দাবির মুখে বালু পরিবহনে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করছিল।
এ সময় এনসিপির লোকজন ভিডিও ধারণ করে বিএনপির বিরুদ্ধে মাটি বিক্রির মিথ্যা অপপ্রচার চালায়।
বিএনপির অভিযোগ, প্রতিবাদ জানালে এনসিপি সমর্থিত লোকজন বাজার এলাকায় স্থানীয় কয়েকজন মুরুব্বির ওপর মরিচের গুঁড়া নিক্ষেপ করে।
এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ধাওয়া দিলে পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় এনসিপি নেতা নূর আলম রিপনের নেতৃত্বে বিএনপির দুই নেতাকে দেশীয় অস্ত্র দিয়ে আহত করা হয়।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply