
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে শোভাযাত্রা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উত্তর মাথা হোটেল রেড সির সামনে থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালিটি উপজেলা সদর প্রদক্ষিণ শেষে এ এম উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক খোকন। সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির সভাপতি প্রভাষক মোকাররম বিল্লাহ শাহাদাত। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, মোহাম্মদ মাসউদুর রহমান বাবর, লুৎফুল্লাহ হিল মজিদ নিশানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনটি রাজনৈতিক সংগ্রামের রূপরেখা নতুন করে সামনে এনেছে। তারা দাবি জানান রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার, শহীদ পরিবারের ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসনের। সভায় নেতারা দীর্ঘ দমন–পীড়ন, ভোটাধিকার হারানোর বেদনা স্মরণ করে ভবিষ্যতের আন্দোলনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ঢোলের শব্দ, স্লোগান আর দলীয় পতাকা-ব্যানারে প্রাণবন্ত হয়ে ওঠে উপজেলা শহর। নেতারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।
ইউনিয়ন পর্যায় থেকেও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি অনুষ্ঠানকে জনসমুদ্রে রূপ দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আয়োজন হাতিয়ায় রাজপথের আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।