
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় অবৈধভাবে মহাসড়কে নির্মাণসামগ্রী রেখে চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) নগরের হালিশহর থানার বড়পোল মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরীর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মহাসড়কের ওপর অবৈধভাবে নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে ভ্রাম্যমাণ আদালত আদেশ দেন।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী জানান, নগরের সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রীসহ বিভিন্ন মালামাল রাখার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।