1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
হুমায়ুন কবির: প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:

হুমায়ুন কবির: প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৭:৩৯ এএম
শেয়ার করুন

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে আন্তর্জাতিক অঙ্গনে ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে অভিহিত করা হচ্ছে। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন বা কপ৩১-এর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমানের গণতান্ত্রিক ম্যান্ডেট ও ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তার ভূমিকার প্রশংসা করেছেন বিশ্বনেতারা।

কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে দিনব্যাপী অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্বের একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার সুযোগ পান। বিশেষ করে উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট; এছাড়া মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। প্রতিমন্ত্রী জানান, এসব বৈঠক অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনেতারা বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও নির্বাচনের ম্যান্ডেটের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এবং পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর আগ্রহ ব্যক্ত করেছেন।

বৈঠকের বিস্তারিত তুলে ধরে হুমায়ুন কবির জানান, ব্রাজিল ও মালদ্বীপের প্রেসিডেন্টদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালদ্বীপের প্রেসিডেন্ট দ্রুত সময়ের মধ্যে সফর করতে আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট তার দেশের পুনর্গঠন, দক্ষ জনশক্তি রপ্তানি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহায়তা চেয়েছেন। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অটল থাকার কথা ওআইসির মহাসচিবকে পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। লন্ডনের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাতটিও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এছাড়া কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন। এ ক্ষেত্রে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উজবেকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে তিনি বলেন, দুই দেশের সরাসরি বিমান যোগাযোগ ও ভিসা প্রক্রিয়া সহজীকরণ নিয়ে আলোচনা হয়েছে। উজবেকিস্তানের প্রেসিডেন্টের আমন্ত্রণে আগামী বছরের কোনো এক সময়ে প্রধানমন্ত্রী তার দেশ সফরের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন। এদিকে চীনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়েও বিস্তারিত আলাপ হয়েছে। জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, ভারী শিল্প ও অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ এবং বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

রোহিঙ্গা সংকট নিরসনে চীনকে পাশে পাওয়ার আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, সমস্যার টেকসই সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন।

এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি ছিল অত্যন্ত ফলপ্রসূ। এতে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিজ্ঞতা ও অবদানের বিষয়টি নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। শান্তি কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা বিশ্বময় সমাদৃত, যা জাতীয় স্বার্থ বিবেচনায় নতুন মাত্রায় কাজে লাগানোর সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এই বিভাগের আরো খবর