
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার টাইগারপাস এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও গুলিসহ মো. মনির (২৮) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতার মনিরের বিরুদ্ধে ১৫ টি মামলা রয়েছে৷
সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ জানুয়ারি ভোর ৪টা ১০ মিনিট থেকে সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত কোতোয়ালী থানাধীন সিআরবি পুলিশ ফাঁড়ির আওতাধীন লালখান বাজার থেকে টাইগারপাসগামী সড়কের পাশে টাইগারপাস এজেন্সি লিমিটেডের গ্যাস ফিলিং স্টেশনের দক্ষিণ পাশের পাহাড়ের নিচে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সন্ত্রাসী মো. মনিরকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত দেশীয় একনলা বন্দুক (ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত) এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মনির নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকার মৃত আবু তাহের প্রকাশ কাশেমের ছেলে। বর্তমানে তিনি কোতোয়ালী থানাধীন ৭ নম্বর বাস পার্কিং এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করছিলেন।
এ ঘটনায় কোতোয়ালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি মো.আফতাব উদ্দিন।
পুলিশ সূত্র জানায়, মো. মনিরের বিরুদ্ধে কোতোয়ালী, বাকলিয়া ও চট্টগ্রাম রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে।
Leave a Reply