
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় করা মামলায় সন্দিগ্ধ আসামি আসাদুজ্জামান মিঠুকে গ্রেপ্তার করেছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য।
আজ সোমবার বেনাপোল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দা সুলতান মাহমুদের ছেলে।
জানতে চাইলে খুলনা মহানগর পুলিশের ডিবি প্রধান মো. আহাদুজ্জামান মিয়া বলেন, তাঁকে দুপুরে নগরীর নতুন রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা থেকে বেনাপোলের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। কোনো পেন্ডিং মামলাও নেই। যে মামলাগুলো ছিল তা রাজনৈতিক কেন্দ্রিক।
মো. আহাদুজ্জামান আরও বলেন, গত ১৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে খুলনা সদর থানা এলাকার জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পশে কয়েকজন সাংবাদিক বসে গল্প করছিলেন। এ সময় তাঁদের লক্ষ্য কয়েকজন দুর্বৃত্ত গুলি করে। এ মামলায় তাঁকে সন্দিগ্ধ আসামি করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাঁকে আদালতে প্রেরণ করা হবে।
ডিবি প্রধান বলেন, তাঁর সঙ্গে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।