
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে সারাবো ফায়ার সার্ভিসের ৩টিসহ মোট ৮টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পথে রয়েছে আরও ১টি ইউনিট।
কারখানার ভেতরে বিপুল পরিমাণ খালি কার্টন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে আগুনের ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।