
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর ও মসজিদে হামলা-ভাঙচুরের একটি মামলায় একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৬ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দীন শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
এর আগে, গত ৪ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর জোনের সহকারী কমিশনার মোস্তফা কামাল চিন্ময়কে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন। চিন্ময় কৃষ্ণ দাস ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তাকে এর আগে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে একদিন তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
২০২৪ সালের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশের পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। একই বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত। সেদিনই চিন্ময় দাসের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন চেয়ে আবার জামিন আবেদন করেছিলেন। আদালত এলাকায় সংঘর্ষে জড়ান চিন্ময় প্রভুর ভক্তরা। এক পর্যায়ে আদালত এলাকা থেকে একটু দূরে সেবক কলোনী এলাকায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত।
গত ৩০ এপ্রিল ওই মামলায় তাকে জামিন দেন হাই কোর্ট। কিন্তু জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে তার জামিন স্থগিত হয়ে যায়।