
কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ভারতীয় কসমেটিকস, বিভিন্ন প্রকার জর্দা ও একটি মাইক্রোবাস আটক করা হয়েছে। জব্দ করা এসব মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর ব্রিজ এলাকায় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মাইক্রোবাসে থাকা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করা হয়। আটক করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা।
বিজিবি জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।